বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেগঘন খোলা চিঠি, বাংলা ছাড়ার আগে বিশেষ বার্তা

পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য ছাড়ার আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি পশ্চিমবঙ্গকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করে জানান যে, পদ থেকে ইস্তফা দিলেও এই পবিত্র মাটির সঙ্গে তাঁর আত্মিক যোগ অবিচ্ছিন্ন থাকবে। বাংলার সাধারণ মানুষের ভালোবাসা ও আতিথেয়তার কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চিঠির শুরুতেই রাজ্যবাসীকে ‘ভাই ও বোন’ সম্বোধন করে তিনি বিগত তিন বছরের অমূল্য অভিজ্ঞতার কথা তুলে ধরেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও মহাত্মা গান্ধীর উদ্ধৃতি ব্যবহার করে তিনি জানান, বাংলার মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। মা দুর্গার কাছে সকলের মঙ্গল কামনা করে এবং ‘বন্দে মাতরম’ ধ্বনি দিয়ে তিনি তাঁর বার্তার সমাপ্তি ঘটান।
উল্লেখ্য, ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও প্রায় ২০ মাস আগেই আকস্মিক পদত্যাগ করেছেন এই প্রাক্তন আমলা। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। আজই নতুন রাজ্যপাল আর এন রবি কলকাতায় আসছেন এবং বৃহস্পতিবার তিনি শপথ গ্রহণ করবেন। বিদায়ের পর আনন্দ বোস কেরলে নিজের নতুন দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।