বিদ্যুৎ সংকটের আশঙ্কা উধাও, গ্রীষ্মের মোকাবিলায় মোদির অভয়বাণী

বিদ্যুৎ সংকটের আশঙ্কা উধাও, গ্রীষ্মের মোকাবিলায় মোদির অভয়বাণী

যুদ্ধের আবহে রান্নার গ্যাসের সংকটে যখন আমজনতা নাজেহাল, তখন আসন্ন গ্রীষ্মে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে জানান, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে এবং সমগ্র সরবরাহ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্যাসের বিকল্প হিসেবে ইন্ডাকশন ও মাইক্রোওয়েভের ব্যবহার বাড়লেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী আরও জানান, সৌর ও পারমাণবিক শক্তি উৎপাদনে বিশেষ জোর দেওয়া হচ্ছে। জ্বালানি সাশ্রয়ে মেট্রো ও রেলের পাশাপাশি রাজ্যগুলোতে বৈদ্যুতিক বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানির মাধ্যমে সরবরাহ ব্যবস্থা সচল রাখা হয়েছে। দেশের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব ন্যূনতম রাখতে এবং অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বৃদ্ধিতেও একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

সংকট মোকাবিলায় গত রবিবারই একটি পর্যালোচনা বৈঠক সেরেছেন মোদি। তিনি স্পষ্ট করেন যে, পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কয়লা ও এলএনজি আমদানিতে বৈচিত্র্য আনা হয়েছে। যুদ্ধের প্রতিকূলতা পেরিয়ে জ্বালানি বোঝাই জাহাজগুলো ইতিমধ্যেই দেশে পৌঁছাতে শুরু করেছে। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের শক্তির মেরুদণ্ড মজবুত রাখতে সবরকম ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *