বিধানসভা নির্বাচন: ১৫৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল হুমায়ুন কবীরের দল

সিপিএম বা আইএসএফ-এর সঙ্গে জোট প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় অবশেষে একক শক্তিতে বিধানসভা নির্বাচনের ময়দানে নামল হুমায়ুন কবীরের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’। রবিবার দুপুরে দলীয় চেয়ারম্যান ১৮২টি আসনের মধ্যে ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার (রানিনগর) এবং পীরজাদা খোয়ায়েব আমিন (ভরতপুর)। খোদ হুমায়ুন কবীর মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হাই-ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে শহিদুল হক এবং ভবানীপুরে পুনম বেগমকে প্রার্থী করে চমক দিয়েছে এই দল। তবে ইসলামপুর কেন্দ্রে তৃণমূলের টিকিট না পাওয়া আব্দুল করিম চৌধুরীর যোগদানের জল্পনা থাকায় সেখানে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে বর্তমানে ১০টিতে প্রার্থী দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বাকি আসনগুলি জোটের আলোচনার পথ খোলা রাখতেই আপাতত স্থগিত রাখা হয়েছে।
আগামী ২৫ মার্চ কলকাতা থেকে বাকি ২৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হবে ২৮ মার্চ। ইস্তেহারে মূলত জনস্বাস্থ্য, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। উত্তর দিনাজপুরসহ অন্যান্য জেলার বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করে দ্রুত প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি।