বিধানসভা ভোটের প্রার্থী চয়ন নিয়ে বিজেপির রুদ্ধদ্বার বৈঠক কিন্তু নেই শুভেন্দু অধিকারী

বিধানসভা ভোটের প্রার্থী চয়ন নিয়ে বিজেপির রুদ্ধদ্বার বৈঠক কিন্তু নেই শুভেন্দু অধিকারী

কলকাতায় জাতীয় গ্রন্থাগারের অতিথি নিবাসে বৃহস্পতিবার দিনভর চলল বিজেপির ম্যারাথন বৈঠক। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক থেকে শুরু করে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে নজর কেড়েছে একটি বড় অনুপস্থিতি— রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেননি।

কেন গরহাজির শুভেন্দু? উঠছে একাধিক প্রশ্ন

বিজেপি সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ঢোন্ডদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেবের মতো কেন্দ্রীয় নেতারা। অথচ শহরের ভেতরে থেকেও কেন শুভেন্দু এই বৈঠকে এলেন না, তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জোর গুঞ্জন।

প্রার্থী তালিকা নিয়ে কি মতভেদ?

রাজনৈতিক মহলের একাংশের দাবি, শুভেন্দু অধিকারী শুধুমাত্র নিজের জেলা পূর্ব মেদিনীপুর নয়, বরং সারা রাজ্যের বিভিন্ন আসনের জন্য একটি তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দিয়েছেন। সেই তালিকায় থাকা নামগুলো নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পক্ষ থেকে সবুজ সংকেত না মেলাতেই কি এই দূরত্ব? শুভেন্দুর ঘনিষ্ঠ মহল অবশ্য জানিয়েছে, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণেই তিনি থাকতে পারেননি। তবে দলের একাংশ মনে করছে, দীর্ঘ সময়ের সাংগঠনিক বৈঠকে বসার অভ্যেস শুভেন্দুর নেই বলেই তিনি এড়িয়ে গেছেন।

মধ্যরাতে গোপন বৈঠক

দিনের বৈঠকে অনুপস্থিত থাকলেও জল্পনা নতুন মোড় নিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে। জানা গেছে, দক্ষিণ কলকাতার একটি হোটেলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। দিনের বৈঠকে না থাকলেও রাতের এই ‘সিক্রেট’ মিটিং কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? নাকি প্রার্থী তালিকা নিয়ে কোনো বিশেষ সমঝোতা হলো, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে গেরুয়া শিবির।

ভোটের আগে প্রার্থী বাছাইয়ের এই টানাপোড়েন বঙ্গ বিজেপির অন্দরের সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *