বিনা নোটিশে আচমকা বন্ধ উবর শাটল পরিষেবা, সংকটে কয়েক হাজার চালক ও বাস মালিক

কলকাতাসহ দেশজুড়ে হঠাতই জনপ্রিয় ‘উবর শাটল’ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন প্রায় ৬০০ ব্যবসায়ী। বৃহস্পতিবার থেকে এই পরিষেবা আচমকা বন্ধ করার সিদ্ধান্তে কয়েক হাজার চালক এবং সংশ্লিষ্ট কর্মীদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোনো আগাম ঘোষণা ছাড়াই সংস্থার এমন পদক্ষেপে শহর ও শহরতলির নিত্যযাত্রীদের পাশাপাশি বড়সড় ধাক্কা খেলেন অ্যাপ-নির্ভর এই পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত বিনিয়োগকারীরাও।
ভুক্তভোগী বাস মালিকদের দাবি, উবর শাটল পরিষেবার জন্য তারা ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে দামী এসি বাস কিনেছিলেন। এখন হঠাত্ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সেই বাসগুলির মাসিক ইএমআই বা কিস্তির টাকা কীভাবে মেটানো হবে, তা নিয়ে তারা প্রবল দুশ্চিন্তায় রয়েছেন। বাস মালিকদের সংগঠন বা গিল্ডের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বহুজাতিক সংস্থার এই হঠকারী সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এই পরিস্থিতির মোকাবিলায় এবং অ্যাপ-নির্ভর পরিবহন ব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। পরিবহন গিল্ডের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যাতে অ্যাপ-নির্ভর পরিবহণের জন্য একটি পৃথক দফতর খোলা হয়। এর ফলে ভবিষ্যতে সংস্থাগুলির একতরফা সিদ্ধান্তের হাত থেকে চালক ও মালিকদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থাও সুনিশ্চিত হবে।