বিপজ্জনক সেলফি ক্রেজ রুখতে কি বন্ধ হচ্ছে ভিয়েতনামের বিখ্যাত ‘ট্রেন স্ট্রিট’?

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের অতি পরিচিত ‘ট্রেন স্ট্রিট’ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় হলেও, নিরাপত্তার খাতিরে এবার সেখানে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে চলেছে। সরু গলির দুপাশে ক্যাফে আর মাঝখান দিয়ে চলে যাওয়া রেললাইনকে ঘিরে তৈরি হওয়া এই ‘ইনস্টা-ডেঞ্জারাস’ স্পটে পর্যটকদের ঝুঁকিপূর্ণ সেলফি তোলার প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হ্যানয় পিপলস কমিটি এখন ওই নির্দিষ্ট রুটে ট্রেন চলাচলই বন্ধ করার প্রস্তাব দিয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণমুখী ট্রেনগুলি হ্যানয় স্টেশনে এবং উত্তরমুখী ট্রেনগুলি গিয়া লাম স্টেশনে তাদের যাত্রা শেষ করবে। এর ফলে পর্যটকদের প্রিয় ওই সরু গলি দিয়ে আর কোনো দানবীয় ইঞ্জিন যাতায়াত করবে না। ভিয়েতনাম রেলওয়ে দপ্তর বারবার সতর্ক করা সত্ত্বেও পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে। বর্তমানে এই প্রস্তাবটি সে দেশের নির্মাণ মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তবে এই এলাকাটি একেবারে বন্ধ হচ্ছে না; বরং একে একটি বিশাল ‘সাংস্কৃতিক করিডোর’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে ঐতিহাসিক লং বিয়েন ব্রিজ ও প্রাচীন খিলানগুলি সংস্কার করে হেরিটেজ জোন হিসেবে সাজিয়ে তোলা হবে। ফলে পর্যটকরা ভবিষ্যতে এখানে ক্যাফে বা হেরিটেজ সাইটের আমেজ পেলেও, গায়ের পাশ দিয়ে ট্রেন চলে যাওয়ার সেই শিহরণ জাগানো অভিজ্ঞতার চিরতরে অবসান ঘটতে চলেছে।