বিপর্যয়ের জেরে রোষের মুখে সালমান আঘার পরিবার, ট্রোলিংয়ের পাল্টা জবাব পাক অধিনায়কের স্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের কাছে হারের পর ব্যাপক জনরোষের মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। হারের পরেই সমাজমাধ্যমে সালমানের স্ত্রী সাবা মানজ়ের এবং তাঁদের সন্তানকে লক্ষ্য করে কুরুচিকর আক্রমণ ও খুনের হুমকি দিতে শুরু করেন সমর্থকেরা। অধিনায়কের ব্যাটিং ব্যর্থতা ও নেতিবাচক অধিনায়কত্ব নিয়ে ক্ষোভ থেকেই এই আক্রমণের সূত্রপাত।
এই নক্কারজনক ঘটনায় চুপ থাকেননি সাবা। তিনি সমাজমাধ্যমে পালটা জবাবে লেখেন, তাঁকে বা তাঁর নিরীহ সন্তানকে আক্রমণ করলে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা বাড়বে না। তবে উত্তপ্ত পরিস্থিতির গুরুত্ব বুঝে কিছুক্ষণ পরেই তিনি সেই পোস্টটি মুছে দেন এবং নিজের প্রোফাইলটি ব্যক্তিগত বা ‘প্রাইভেট’ করে রাখতে বাধ্য হন।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় সালমান ব্যাটিং বিপর্যয়কে হারের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুকের অনবদ্য শতরানের প্রশংসা করার পাশাপাশি সতীর্থ সাহিবজ়াদা ফারহানের লড়াকু ইনিংসের সাধুবাদ জানান তিনি। সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে পড়ে পাকিস্তান শিবির এখন চরম হতাশায় নিমজ্জিত।