বিপর্যয়ের মুখে অর্থনীতি: আমিরশাহীর ৩৫০ কোটি ডলার ঋণ মেটাচ্ছে পাকিস্তান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে পাকিস্তানকে দেওয়া ৩৫০ কোটি ডলার ঋণ দ্রুত ফেরানোর দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ২০১৯ সালে আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে নেওয়া এই বিশাল অঙ্কের দেনা মেটাতে কার্যত বাধ্য হচ্ছে শাহবাজ শরিফ সরকার। জাতীয় মর্যাদা রক্ষার তাগিদে এপ্রিল মাসেই তিন কিস্তিতে এই অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ এপ্রিল প্রথম কিস্তিতে ৪৫ কোটি ডলার প্রদান করবে ইসলামাবাদ।
পাকিস্তান সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১৭ এপ্রিল ২০০ কোটি এবং ২৩ এপ্রিল অবশিষ্ট ১০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে। এর পাশাপাশি চলতি মাসেই ইউরো বন্ডসহ মোট ৪৮০ কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করার কথা রয়েছে দেশটির। ২০১৮ সাল থেকে নেওয়া এই ঋণের বিপরীতে প্রতি বছর বিপুল পরিমাণ সুদ দিলেও, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে আমিরশাহীর ক্রমবর্ধমান চাপের মুখে অর্থ ফেরাতে তৎপর হয়েছে পাকিস্তান।
বিশেষজ্ঞদের মতে, এই ঋণ পরিশোধের ফলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ১৮ শতাংশ কমে যাবে। বর্তমানে মজুত থাকা ২১.৭৯ বিলিয়ন ডলার থেকে কমে তা ১২ বিলিয়ন ডলারে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে আমজনতার ক্ষোভের মাঝেই এই বিশাল আর্থিক দায় মেটানো পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির ওপর চরম চাপ সৃষ্টি করবে। ইরানের প্রতি ইসলামাবাদের অবস্থান এই কূটনৈতিক ও আর্থিক টানাপড়েনের মূল কারণ বলে মনে করা হচ্ছে।