বিবাহবিচ্ছেদ বিতর্ক: দলীয় কর্মীর তোপের মুখে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়

বিবাহবিচ্ছেদ বিতর্ক: দলীয় কর্মীর তোপের মুখে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়

অভিনেতা তথা তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) প্রধান বিজয় থলপতির ব্যক্তিগত জীবন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে স্ত্রী সঙ্গীতা সোমালিঙ্গম আদালতের দ্বারস্থ হওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়েছে। সম্প্রতি এক বিয়েবাড়িতে অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে বিজয়ের উপস্থিতি এবং এই বিষয়ে অভিনেতার মন্তব্যকে কেন্দ্র করে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বিজয়ের আচরণের তীব্র সমালোচনা করেছেন তাঁরই দলের নেত্রী রঞ্জনা নাচিয়ার। তিনি সংবাদমাধ্যমে জানান, রাজনীতিতে বড় প্রতিশ্রুতি দেওয়ার আগে বিজয়ের উচিত নিজের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। নারীদের সম্মান করার শিক্ষা নিজের ঘর থেকেই শুরু হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হলে একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি জনসমক্ষে বিশ্বাসযোগ্যতা হারাবেন বলেও রঞ্জনা সতর্ক করেছেন।

বিবাহবিচ্ছেদের এই মামলায় আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকে বিজয় পরকীয়ায় লিপ্ত এবং একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তিনি সেই সম্পর্ক ত্যাগ করেননি। এই আইনি ও সামাজিক বিতর্কের মাঝে বিজয় তাঁর ভক্তদের শান্ত থাকার পরামর্শ দিলেও, নিজ দলের অভ্যন্তরেই তিনি এখন নৈতিক প্রশ্নের সম্মুখীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *