বিবেচনাধীন ভোটারদের ভাগ্য নির্ধারণ ৭ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে বড় আপডেট

পশ্চিমবঙ্গের বিতর্কিত এসআইআর মামলার শুনানিতে বুধবার বড় আপডেট দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া রিপোর্টে সন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, প্রায় ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টকে নিশ্চিত করেছে যে, তালিকায় থাকা বাকি বিবেচনাধীন নামগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ৭ এপ্রিলের মধ্যে করে ফেলা হবে। এর ফলে আসন্ন নির্বাচনে ভোটারদের অধিকার নিয়ে চলা অনিশ্চয়তা দ্রুত কাটবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকায় নাম থাকলেই ভোট দেওয়া সম্ভব। রাজ্যের প্রথম দফার আসনগুলোর জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ৬ এপ্রিল রাত ১২টা। কমিশন আদালতকে জানিয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে নামের নিষ্পত্তি না হলে ভোটাধিকার প্রয়োগে আইনি জটিলতা তৈরি হতে পারে। এই প্রেক্ষাপটে ৬ এপ্রিল বিকেল ৪টেয় মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত।
যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাঁদের জন্য ট্রাইবুনালের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। আদালত নির্দেশ দিয়েছে যে, বুধবার থেকেই প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণের কাজ শেষ করে বৃহস্পতিবার থেকে ট্রাইবুনাল সক্রিয় করতে হবে। বিশেষত প্রথম দফার নির্বাচনের বেশ কিছু প্রার্থীর নামও এই বিবেচনাধীন তালিকায় রয়েছে। নাম বাদ পড়া প্রার্থীদের ক্ষেত্রে ট্রাইবুনাল অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।