বিমানে সিট বুকিংয়ে বড় স্বস্তি দিচ্ছে ডিজিসিএ এবার অর্ধেকের বেশি আসন মিলবে একদম বিনামূল্যে

দেশের বিমানযাত্রীদের জন্য দারুণ সুখবর শোনাল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। নতুন সংশোধিত এয়ার ট্রান্সপোর্ট সার্কুলার অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে ভারতের অভ্যন্তরীণ বিমানগুলির ৬০ শতাংশ আসন নির্বাচনের ক্ষেত্রে যাত্রীদের আর বাড়তি কোনো টাকা গুনতে হবে না। আগে যেখানে মাত্র ২০ শতাংশ আসন বিনামূল্যে পাওয়া যেত, এখন থেকে সেই সুযোগ মিলবে অর্ধেকেরও বেশি আসনে। ২০ মার্চের এই নির্দেশিকা আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতদিন অধিকাংশ আসনের জন্য বিমান সংস্থাগুলি যাত্রীভেদে ২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ আদায় করত। ডিজিসিএ-র এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ যাত্রীরা আর্থিকভাবে লাভবান হলেও চিন্তায় পড়েছে বিমান সংস্থাগুলি। আসন নির্বাচনের বাড়তি মাশুল বন্ধ হওয়ায় বড়সড় আর্থিক লোকসানের আশঙ্কা করছে তারা। তবে নিয়ন্ত্রক সংস্থার এই কড়া পদক্ষেপে আকাশপথে যাতায়াত আরও সাশ্রয়ী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।