বিমার ১৮৬ কোটি টাকা হাতাতে এভারেস্ট অভিযাত্রীদের খাবারে মেশানো হচ্ছে বেকিং সোডা!

বিমার ১৮৬ কোটি টাকা হাতাতে এভারেস্ট অভিযাত্রীদের খাবারে মেশানো হচ্ছে বেকিং সোডা!

মাউন্ট এভারেস্ট অভিযানে আসা পর্বতারোহীদের খাবারে গোপনে বেকিং সোডা মিশিয়ে অসুস্থ করার এক ভয়াবহ চক্রের পর্দা উন্মোচিত হয়েছে। বিমার টাকা হাতিয়ে নিতে এই চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে নেপাল পুলিশ উদ্ধারকারী সংস্থার ছয় কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। কাঠমাণ্ডু পোস্টের এক তদন্তমূলক প্রতিবেদনে জানানো হয়েছে, এই জালিয়াতির মাধ্যমে প্রায় ২ কোটি ডলার বা ১৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগ উঠেছে, শেরপা, ট্রেকিং এজেন্সি এবং হেলিকপ্টার অপারেটররা পরস্পর হাত মিলিয়ে এই দুর্নীতি চালাচ্ছে। বেকিং সোডা মেশানো খাবার খেয়ে অভিযাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের জরুরিভিত্তিতে ব্যয়বহুল হেলিকপ্টারে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর বিমা সংস্থাগুলোর কাছে চিকিৎসার ভুয়ো নথি পেশ করে বিপুল অর্থ আদায় করে এই চক্রটি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ৩২ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের হয়েছে।

নেপালের বিশেষ অপরাধ দমন শাখা জানিয়েছে, শাস্তিমূলক ব্যবস্থার শিথিলতার সুযোগ নিয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। জানা গেছে, একটি নির্দিষ্ট সংস্থা ১,২৪৮টি উদ্ধার অভিযানের মধ্যে ১৭১টি ক্ষেত্রেই জালিয়াতি করেছে। এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে প্রশাসন। বর্তমানে অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় আনতে জোরদার তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *