বিয়ের আসরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেও আহত উপ-মুখ্যমন্ত্রী

বিয়ের আসরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেও আহত উপ-মুখ্যমন্ত্রী

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে এক বন্দুকধারী। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাশ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ফারুক আবদুল্লাহ অক্ষত থাকলেও হামলায় সামান্য আহত হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। পুলিশ ঘটনাস্থল থেকেই ৬৩ বছর বয়সী অভিযুক্ত কমল সিং জামওয়ালকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক আবদুল্লাহ, সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি এক আইনজীবীর পারিবারিক অনুষ্ঠানে রয়্যাল পার্ক ব্যাঙ্কুয়েট হলে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় আগে থেকে গেটের কাছে ওত পেতে থাকা কমল সিং পেছন থেকে এসে নিজের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র দিয়ে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। জেড-প্লাস নিরাপত্তায় থাকা ফারুক আবদুল্লাহর রক্ষীরা তৎক্ষণাৎ তৎপর হয়ে হামলাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গুলি উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর গায়ে লাগে। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

হামলার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্য়েই তদন্তকারীদের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি ভিড়ের সুযোগ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, ধৃত কমল সিং জম্মু শহরের পুরানি মান্ডি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে যে, গত ২০ বছর ধরে সে ফারুক আবদুল্লাহকে হত্যার পরিকল্পনা করছিল। বুধবারের অনুষ্ঠানে সুযোগ পেয়েই সে চূড়ান্ত হামলার চেষ্টা চালায়। তবে ঠিক কী কারণে তার এই দীর্ঘদিনের ঘৃণা বা শত্রুতা, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ।

ঘটনার পর উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, তারা সবাই নিরাপদ আছেন। তবে ফারুক আবদুল্লাহ দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিশানায় থাকা সত্ত্বেও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। জম্মু দক্ষিণের পুলিশ সুপার অজয় শর্মা জানিয়েছেন, অভিযুক্তকে কঠোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *