বিয়ের পোশাকে সাজলেন স্বামী স্ত্রী, অতপর চরম পরিণতিতে স্তম্ভিত জেলা

মধ্যপ্রদেশের সাগর জেলায় এক দম্পতি আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, রহলি থানা এলাকার চাঁদপুর মুঠিয়া টোলার বাসিন্দা রাজেন্দ্র প্যাটেল ও কাজল প্যাটেল নিজেদের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বুধবার গভীর রাতে পরিজনরা তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লক্ষ্য করে যে, আত্মহত্যার আগে এই দম্পতি তাঁদের তিন বছর আগের বিয়ের পোশাকে সেজেছিলেন। রাজেন্দ্র পরেছিলেন বিয়ের স্যুট এবং কাজল সেজেছিলেন বিয়ের লাল শাড়িতে।
মৃত রাজেন্দ্র পেশায় শ্রমিক ও কৃষক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে তাঁদের প্রেমবিবাহ হয়েছিল এবং সচরাচর তাঁদের মধ্যে বড় কোনো বিবাদ ছিল না। তবে বিয়ের দীর্ঘ সময় পরেও কোনো সন্তান না হওয়ায় ওই দম্পতি মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার না হওয়ায় মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বিয়ের পোশাকে সেজে আত্মহত্যার এই ঘটনা এলাকায় গভীর শোক ও বিস্ময় সৃষ্টি করেছে। পুলিশ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে এই দম্পতির ব্যক্তিগত জীবনের কোনো গোপন মানসিক চাপের দিকটি খতিয়ে দেখছে। সংবাদমাধ্যমের কাছে রহলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে, সমস্ত দিক বিবেচনা করেই মামলাটির তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।