বিয়ের প্রস্তাবে না বলায় খাস কলকাতায় যুবতীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

খাস কলকাতার বুকে এক চাঞ্চল্যকর ও নৃশংস অপরাধের ঘটনা প্রকাশ্যে এসেছে। ময়দান থানা এলাকায় এক যুবতীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শহরজুড়ে। গত ৩ এপ্রিল বিকেলে ইডেন গার্ডেন্সের উল্টোদিকে গঙ্গা সাগর গ্রাউন্ডে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবককে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীকে অভিযুক্ত সিদ্ধার্থ চাড়িওয়াল ঘটনার দিন ওই নির্দিষ্ট স্থানে ডেকে পাঠায়। সেখানে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। গুরুতর দগ্ধ অবস্থায় ওই তরুণীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে খবর, তরুণীর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে মৃত্যুর আগে তিনি পুলিশের কাছে নিজের বয়ান দিতে সক্ষম হন। সেই বয়ানের সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে এবং বেলেঘাটা এলাকা থেকে অভিযুক্তকে জালে তোলে। শনিবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আদালত তার জামিনের আবেদন সরাসরি খারিজ করে দেয়।
মৃতার মায়ের দাবি অনুযায়ী, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু তরুণী সেই প্রস্তাবে রাজি হননি। এরপর অভিযুক্ত চাকরির টোপ দিয়ে তাঁকে ইন্টারভিউয়ের অছিলায় ডেকে পাঠায়। মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়লে এক পুলিশ অফিসার ফোনের মাধ্যমে এই নৃশংস ঘটনার খবর জানান।
আদালতে শুনানির সময় সরকারি আইনজীবী জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই তা খুনের মামলায় রূপান্তরিত হবে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এই হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত জারি রয়েছে। এই ঘটনা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।