বিয়ের মণ্ডপে মদের দাবি ফেরানোয় নবদম্পতিকে বেধড়ক মারধর, রণক্ষেত্র গোয়ালিয়র

বিয়ের মণ্ডপে মদের দাবি ফেরানোয় নবদম্পতিকে বেধড়ক মারধর, রণক্ষেত্র গোয়ালিয়র

মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার পাটাই গ্রামে বিয়ের আসরে মদ পরিবেশন করতে অস্বীকার করায় নবদম্পতি ও তাঁদের পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে বিয়ের পবিত্র অনুষ্ঠানে মদের দাবি তোলেন স্থানীয় কিছু ব্যক্তি। বর মহেশ যাতব ধর্মীয় রীতির দোহাই দিয়ে মদ দিতে সরাসরি অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ প্রতিবেশীরা মণ্ডপেই বর-কনেসহ পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়।

হামলাকারীরা কেবল মারধর করেই ক্ষান্ত হয়নি, তারা বরের বাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করেছে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বরের বাবা-মাসহ বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিনের প্রেমের পরিণয় উৎসব মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড রণক্ষেত্রে পরিণত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। বরের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, দোষীদের শনাক্ত করতে তল্লাশি চলছে। তবে এই নক্ক্যারজনক ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের তৎপরতায় পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *