বিরিয়ানিতে মেলেনি চিকেন লেগ পিস! বিয়েবাড়িতে ধুন্ধুমার কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া

উত্তরপ্রদেশের আমরোহায় এক বিয়েবাড়িতে বিরিয়ানি পরিবেশন ঘিরেই শুরু হয় চরম লঙ্কাকাণ্ড। পাতে পছন্দের চিকেন লেগ পিস না পড়ায় বরের বাড়ির লোকজনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কনেপক্ষের অভ্যাগতরা। মুহূর্তের মধ্যে আনন্দানুষ্ঠান পরিণত হয় রণক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, অতিথিরা একে অপরের দিকে দেদার চেয়ার ছুড়ছেন। মহিলারা ও শিশুরা প্রাণভয়ে চিৎকার করতে করতে এদিক-ওদিক ছুটছেন।
জানা গিয়েছে, হাইবাতপুর বানজারা থেকে আসা বরযাত্রীদের আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না। কিন্তু খাওয়ার টেবিলে লেগ পিস নিয়ে শুরু হওয়া সামান্য কথা কাটাকাটিই নিমেষে বড় আকার ধারণ করে। উত্তপ্ত বাক্যবিনিময়ের পর পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে ভাইরাল ভিডিওর ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় পুলিশ। বিরিয়ানির পিস নিয়ে এমন তুঘলকি কাণ্ড দেখে হবাক নেটিজেনরা।