বিরোধীদের প্রবল বাধার মুখে পিছু হটল কেন্দ্র সংসদে পাশ হলো না বিতর্কিত এফসিআরএ বিল

বিরোধীদের প্রবল বাধার মুখে পিছু হটল কেন্দ্র সংসদে পাশ হলো না বিতর্কিত এফসিআরএ বিল

তীব্র বিরোধিতার জেরে লোকসভায় তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত পাশ হলো না স্বেচ্ছাসেবী সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত এফসিআরএ বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশের পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছেন। বিশেষ করে কেরালা ও বিরোধী সাংসদদের এককাট্টা বিক্ষোভের কারণে মোদী সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনে কেরালা নির্বাচন থাকায় কেন্দ্র কোনো ঝুঁকি নিতে চায়নি।

বুধবার লোকসভায় বিশৃঙ্খলার মধ্যেই সরকার পক্ষ ‘অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন’ এবং ‘জনবিশ্বাস’ সংক্রান্ত দুটি সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে। তবে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ ও এনজিও-র সম্পত্তি দখলের অভিযোগ তুলে সরব হন আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রনসহ অন্য বিরোধীরা। তাদের দাবি, লাইসেন্স বাতিল হলে সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থানটি অত্যন্ত বিপজ্জনক। প্রতিবাদের জেরে সভা একবার মুলতুবিও করতে হয়।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে অমরাবতীকে স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট বিলটি পাশ করা জরুরি ছিল। এফসিআরএ বিলটি এখনই পেশ না হলেও তা ভবিষ্যতে পাশ করা হবে বলে তিনি ইঙ্গিত দেন। আপাতত বাজেট অধিবেশনের শেষ দিনে ‘সেন্ট্রাল আর্মড ফোর্সেস’ বিলটি পাশের লক্ষ্য রাখা হয়েছে। বর্তমানে বিরোধীদের চাপে এফসিআরএ বিলটি ঠান্ডা ঘরেই থাকল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *