বিরোধী প্রার্থীকে কুকুরের সাথে তুলনা করে চরম বিতর্কে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক

বিরোধী প্রার্থীকে কুকুরের সাথে তুলনা করে চরম বিতর্কে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। সোমবার হাবড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে এসে বিরোধী বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়ালেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সুরে তিনি দাবি করেন, আগামী ৪ তারিখ সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবং তিনি কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন।

তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তাঁর একটি বিতর্কিত মন্তব্য। বিজেপি প্রার্থীকে নিশানা করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে এই ধরণের কুরুচিকর ভাষার তীব্র নিন্দা জানানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের ময়দানে শেষ কথা বলবে সাধারণ মানুষ এবং তাঁরাই ভালো-মন্দের বিচার করবেন।

এদিকে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণ সাজাতে কোমর বেঁধে নেমেছে শাসক দল। বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে আগামী মঙ্গলবার বনগাঁয় জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের বেশ কিছু বুথে বিজেপির শক্তিশালী অবস্থান থাকলেও, বিশ্বজিৎ দাস প্রতিদিন ছোট ছোট কর্মী বৈঠকের মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছেন। বনগাঁর কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রীর হাবড়ায় আসার কথা রয়েছে, যা ঘিরে তৃণমূল শিবিরে ব্যাপক প্রস্তুতি চোখে পড়ছে। নির্বাচনের এই আবহে রাজনৈতিক বাকযুদ্ধ এখন কোন পর্যায়ে পৌঁছায়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *