বিশ্বকাপে কি ফিরবে ইতালি? আজ বসনিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের

টানা দুইবার বিশ্বকাপে অনুপস্থিত থাকার পর আজ এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ইতালি। ইউরোপীয় প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হারজেগোভিনার মুখোমুখি হবে আজুরিরা। নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা জেনারো গাত্তুসোর দলের জন্য এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। আজ জিতলে মিলবে বিশ্বকাপের টিকিট, হারলে আবারও বিদায়।
পরিসংখ্যানের বিচারে বসনিয়ার বিরুদ্ধে ৬ ম্যাচের ৪টিতেই জিতেছে ইতালি। তবে এডিন জেকোর অভিজ্ঞ বসনিয়া দল মোটেও সহজ প্রতিপক্ষ নয়, যারা ওয়েলসকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে। অন্যদিকে, ২০১০ ও ২০১৪ সালের গ্রুপ পর্ব থেকে বিদায় এবং পরবর্তী দুটি বিশ্বকাপ মিস করা ইতালির ফুটবলে আজ অস্তিত্ব রক্ষার লড়াই।
সাঁন্দ্রো তোনালির মতো মিডফিল্ডাররা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও স্নায়ুর চাপ ইতালির প্রধান চ্যালেঞ্জ। ২০০৬ সালের পর থেকে ইতালীয় ফুটবলের কাঠামোতে যে ফাটল ধরেছে, তা কাটিয়ে উঠতে এই জয় অপরিহার্য। রাত ১২টা ১৫ মিনিটে শুরু হতে চলা এই ম্যাচটিই নির্ধারণ করবে বিশ্ব ফুটবলে ইতালির ভবিষ্যৎ গরিমা।