বিশ্বকাপ জয়ী স্পিনার কুলদীপ যাদবের বিয়ের সানাই বাজল মুসৌরিতে

বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা ক্রিকেটার কুলদীপ যাদব জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। আগামী ১৪ মার্চ উত্তরাখণ্ডের পাহাড়ি শহর মুসৌরির একটি বিলাসবহুল রিসর্টে বংশিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই বাঁহাতি স্পিনার। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।
বিয়ের আগের দিন ১৩ মার্চ হলদি ও মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ৪ জুন লখনউয়ের একটি হোটেলে কুলদীপ ও বংশিকার বাগদান সম্পন্ন হয়েছিল। প্রাথমিকভাবে ২০২৫ সালের নভেম্বরে বিয়ের কথা থাকলেও ভারতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
কুলদীপের বাবা রাম সিং যাদব গত ৮ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৭ মার্চ লখনউয়ের হোটেল সেন্ট্রামে একটি জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিসিসিআই ও ইউপিসিএ-র কর্মকর্তা এবং ভারতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা রয়েছে।
৩১ বছর বয়সী এই ‘চায়নাম্যান’ বোলার ভারতের হয়ে তিন ফরম্যাটে ১৯১টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৩৬৫টি উইকেট শিকার করেছেন। তিনি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই তারকা স্পিনার।