বিশ্বকাপ জয়েও শান্ত নন গম্ভীর, সূর্যদের জন্য বেঁধে দিলেন ৩০০ রানের নতুন লক্ষ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উল্লাসের মাঝেই ভারতীয় দলের জন্য নতুন লক্ষ্য স্থির করে দিলেন কোচ গৌতম গম্ভীর। সেমিফাইনাল ও ফাইনালে দল আড়াইশর বেশি রান তুললেও গম্ভীরের মতে এটি কেবল শুরু। ক্রিকেটারদের আরও আক্রমণাত্মক ও ‘নির্দয়’ হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে একদিন ৩০০ রান ছোঁয়াই এখন তাঁর মূল লক্ষ্য।
বিজয় উৎসবের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের রণকৌশল স্পষ্ট করেছেন ভারতীয় কোচ। গম্ভীর মনে করেন, কেবল শিরোপা জয়ই যথেষ্ট নয়, দলকে অপরাজেয় হয়ে উঠতে হবে। মাঠে পারফরম্যান্সের মান এমন উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে পরাজয়ের সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায়। তৃপ্তির বদলে আগামীর বড় সাফল্যের দিকেই এখন তাঁর পূর্ণ নজর।
কোচ হিসেবে নিজের ভূমিকা প্রসঙ্গে গম্ভীর জানান, তিনি ড্রেসিংরুমে সেরা পরিবেশ তৈরি ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন, তবে সাফল্য নির্ভর করে ক্রিকেটারদের মাঠের লড়াইয়ের ওপর। তাঁর সাফ কথা, ক্রিকেটাররা যত ভালো খেলবেন, কোচ হিসেবে তাঁর ভাবমূর্তিও তত উজ্জ্বল হবে। বিশ্বকাপ জয় তাঁকে খুশি করলেও ৩০০ রানের মাইলফলক না ছোঁয়া পর্যন্ত তিনি থামতে নারাজ।