বিশ্বকাপ জয়ের ট্রফি হাতেই ছাদনাতলায় কুলদীপ যাদব, ছোটবেলার বান্ধবীর সঙ্গে কবে ও কোথায় বসছেন বিয়ের পিঁড়িতে জেনে নিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আমেজ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। আগামী ১৪ মার্চ উত্তরাখণ্ডের মুসৌরিতে দীর্ঘদিনের বান্ধবী বংশিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই বাঁহাতি রিস্ট স্পিনার। শৈশবের খেলার সাথীকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন তিনি।
কুলদীপের পারিবারিক সূত্র ও তাঁর কোচ কপিল পাণ্ডে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছর জুন মাসে লখনউতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে কুলদীপ ও বংশিকার বাগদান সম্পন্ন হয়েছিল। মূলত ক্রিকেটীয় ব্যস্ততার কারণে গত নভেম্বর মাসে নির্ধারিত বিয়ের তারিখ পিছিয়ে চলতি বছরের মার্চে রাখা হয়েছে। বিয়ের মূল অনুষ্ঠান মুসৌরিতে আয়োজিত হলেও আগামী ১৭ মার্চ লখনউয়ের একটি বিলাসবহুল হোটেলে জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশ ও ভারতীয় ক্রিকেট দলের একাধিক সতীর্থের উপস্থিত থাকার কথা রয়েছে।
পাত্রী বংশিকা কানপুরের বাসিন্দা এবং পেশায় এলআইসি কর্মীর কন্যা। তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের পর কুলদীপের এই ব্যক্তিগত খুশির খবরে উচ্ছ্বসিত ক্রিকেট মহল। আইপিএল শুরু হওয়ার আগেই বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সেরে নিতে চাইছেন এই ক্রিকেটার। লখনউয়ের যে হোটেলে অনুষ্ঠান হতে চলেছে, সেখানে ইতিমধ্যেই অতিথিদের জন্য ৩৫টি ঘর বুক করা হয়েছে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।