বিশ্বকাপ জয়ের পর নতুন বান্ধবীর সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের বিশ্বজয়ের রেশ কাটেনি এখনো। দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখনই চর্চায় উঠে এলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ জয়ের রেশ গায়ে মেখেই বান্ধবী মাহিকা শর্মা ও প্রিয় পোষ্যকে নিয়ে ছুটি কাটাতে বেরোলেন এই তারকা ক্রিকেটার। সমাজমাধ্যমে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন।
সম্প্রতি একটি পাপারাজ্জো পেজ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, সাদা লং ড্রেস পরে বোটে উঠছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মা। তাঁর ঠিক পরেই বোটে উঠতে দেখা যায় হার্দিককে। এরপর নিজের পোষ্য সারমেয়কে কোলে নিয়ে বোটে কেবিনের ভেতর ঢুকে যান তিনি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষেও মাঠের ভেতরেই হার্দিক ও মাহিকাকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছিল। দীর্ঘক্ষণ কথা বলা থেকে শুরু করে একে অপরকে জড়িয়ে ধরে জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার সেই ছবিগুলো নেটিজেনদের নজর কেড়েছে।
পেশাগত জীবনে সাফল্যের শিখরে থাকলেও হার্দিকের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় হার্দিকের পাশে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। তবে বিচ্ছেদের পর ২০২৬-এর সাফল্যের মুহূর্তে হার্দিকের সঙ্গী এখন মাহিকা। এই পরিবর্তন নিয়ে নেটপাড়ায় ট্রোলের মুখেও পড়তে হচ্ছে তাঁকে। কেউ কেউ হার্দিকের নতুন সম্পর্ককে স্বাগত জানালেও, একাংশ কটাক্ষ করতে ছাড়ছেন না।
উল্লেখ্য, মাহিকা শর্মা পেশায় একজন সফল মডেল ও অভিনেত্রী। বেশ কিছু মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন। মণীশ মালহোত্রা এবং তরুণ তাহিলিয়ানির মতো প্রখ্যাত ডিজাইনারদের হয়ে র্যাম্পে হাঁটার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। আপাতত মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাহিকার সঙ্গে হার্দিকের এই রসায়নই এখন বিনোদন জগতের হট টপিক।