বিশ্বজয়ের পর ছদ্মবেশে ট্রেনে চড়ে বাড়ি ফিরলেন শিবম দুবে

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রচারের আলো থেকে দূরে থেকে এক অনন্য নজির গড়লেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে। টুর্নামেন্টে ব্যাট হাতে ২৩৫ রান ও ৫ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ক্রিকেটার আহমেদাবাদ থেকে মুম্বইয়ের বাড়িতে ফিরলেন সাধারণ যাত্রীর মতো ট্রেনে চেপে। রোববার রাতে কোনো বিমান না থাকায় সময়ের সাশ্রয় করতে স্ত্রী অঞ্জুম ও এক বন্ধুর সাথে থার্ড এসি কোচে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন তিনি।
ট্রেনে সাধারণ মানুষের ভিড়ে চেনা এড়াতে বিশেষ ছদ্মবেশ ধারণ করেছিলেন শিবম। মাথায় টুপি, মুখে মাস্ক এবং ফুল হাতা টি-শার্ট পরে ভোর ৫টা ১০ মিনিটের ট্রেনে দ্রুত উঠে পড়েন তিনি। স্টেশনে অপেক্ষার বদলে একেবারে শেষ মুহূর্তে গাড়িতে বসে থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে কামরায় প্রবেশ করেন। এই গোপনীয়তা বজায় রাখতে তিনি আগেভাগেই মুম্বই পুলিশকে সতর্ক করেছিলেন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
মাঠের আগ্রাসী ক্রিকেটার শিবম ব্যক্তিগত জীবনে পুরোদস্তুর একজন ‘ফ্যামিলি ম্যান’। চার বছরের ছেলে আয়ান ও দুই বছরের মেয়ে মেহউইশের সাথে দেখা করার তীব্র আকুলতা থেকেই তিনি বিকল্প হিসেবে ট্রেনযাত্রাকে বেছে নেন। বিশ্বজয়ের মেডেল হাতে এক সাধারণ বাবার এই ছিমছাম প্রত্যাবর্তনের গল্প এখন নেটিজেনদের চর্চায়। বিমানে না এসে ট্রেনের সাধারণ কামরায় তাঁর এমন সফর দেখে স্বয়ং পুলিশ কর্মকর্তারাও অবাক হয়েছেন।