বিশ্বজয়ের পর ট্রফি হাতে বরুণ চক্রবর্তীর বিশেষ পোস্ট, বিঁধলেন মহসিন নকভিকে?

টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বাদ পেয়ে ক্রিকেট বিশ্বে ভারতের আধিপত্য আরও সুসংহত করল সূর্যকুমার যাদবের দল। এই মাহেন্দ্রক্ষণে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বজয়ী ট্রফি পাশে রেখে আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন এই রহস্য স্পিনার। ছবিটির ভঙ্গি এবং প্রেক্ষাপট পিসিবি প্রধান মহসিন নকভির সাথে ভারতের পুরনো ট্রফি বিতর্ককে পুনরায় উসকে দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।
উল্লেখ্য, ২০২৫ সালের এশিয়া কাপ জয়ের পর ট্রফি গ্রহণ সংক্রান্ত জটিলতায় নকভিকে কটাক্ষ করে একই ধরনের ছবি পোস্ট করেছিলেন বরুণ। সেবার ট্রফির বদলে চায়ের কাপ হাতে ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ট্রফি না পাওয়ায় এটি দিয়েই কাজ চালাতে হচ্ছে। এবার বিশ্বজয়ের পর সরাসরি আসল ট্রফি ও চায়ের কাপ নিয়ে পিসিবি প্রধানকে ‘মোক্ষম জবাব’ দিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ একে নকভির প্রতি ‘ট্রফিচোর’ কটাক্ষ হিসেবে অভিহিত করেছেন।
ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এই বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর পথচলা ছিল অম্লমধুর। টুর্নামেন্টে জশপ্রীত বুমরাহর সাথে যৌথভাবে সর্বোচ্চ ১৪টি উইকেট নিলেও রান দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন বেশ ব্যয়বহুল। সেমিফাইনাল ও ফাইনালে তাঁর বোলিং পরিসংখ্যান কিছুটা হতাশাজনক হলেও, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন। বিশ্বজয়ের আনন্দ উদযাপনের পাশাপাশি আসন্ন আইপিএলের আগে বরুণ দ্রুত নিজের বোলিং ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী সমর্থকরা।