বিশ্বজুড়ে উত্তেজনার মাঝে জাপান সাগরে মিসাইল বর্ষণ উত্তর কোরিয়ার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে পূর্ব এশিয়ায় নতুন করে আতঙ্ক ছড়াল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে জাপান সাগরের দিকে অন্তত ১০টি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই শক্তি প্রদর্শন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটার পর জাপান কোস্ট গার্ড জানিয়েছে, মিসাইলগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উত্তেজনার জেরে দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের নজরদারি ব্যবস্থা আরও জোরদার করেছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার কড়া সমালোচনা করে পিয়ংইয়ং আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, এর পরিণতি শুভ হবে না। সেই সতর্কবার্তার পরই এই মিসাইল নিক্ষেপকে ঘিরে কোরিয়া উপদ্বীপে নিরাপত্তা ঝুঁকি নতুন করে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশই পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং সম্ভাব্য ঝুঁকি খতিয়ে দেখতে বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।