বিশ্ববাজারে অস্থিরতা: পেট্রল রপ্তানি নিষিদ্ধ করল রাশিয়া, বিপাকে বহু দেশ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকটের মধ্যেই ১ এপ্রিল থেকে পেট্রল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের সংঘাত ও বিশ্ববাজারের অস্থিরতার জেরে অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পুতিন সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।
সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘তাস’ জানিয়েছে, দেশের শিল্প সংস্থাগুলোতে পর্যাপ্ত গ্যাসোলিন ও ডিজেল মজুত থাকলেও আন্তর্জাতিক অস্থিরতার ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ। রুশ জ্বালানি মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে, বর্তমানে তাদের তেল শোধনাগারের উৎপাদন হার স্থিতিশীল রয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যেসব দেশ রুশ তেলের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই জোগান বন্ধ হওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পশ্চিম এশিয়ার চলমান সংকটে যখন বিশ্বব্যাপী পেট্রোলিয়ামজাত পণ্যের দাম আকাশচুম্বী, তখন রাশিয়ার এই রপ্তানি নিয়ন্ত্রণ নীতি আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।