বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি, ১০০ ডলার ছাড়াল ব্যারেলপিছু মূল্য

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে উত্তাল বিশ্ব তেলের বাজার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। রোববার নিউ ইয়র্কের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপিছু ১০৪ ডলার এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১০৮ ডলারে পৌঁছায়। ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম তেলের দামে এমন উল্লম্ফন দেখা দিল, যা ১৯৮৩ সালের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি হিসেবে চিহ্নিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল উৎপাদন ও পরিবহণে মারাত্মক সংকট তৈরি হয়েছে। ওপেকের অন্যতম প্রধান উৎপাদক কুয়েত ইতিমধ্যেই তাদের উৎপাদন ও রিফাইনারির কাজ কমিয়ে দিয়েছে। অন্যদিকে, ইরাকেও তেল উৎপাদন প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়ে দৈনিক ১৩ লক্ষ ব্যারেলে নেমে এসেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে হয়, যা বর্তমানে কার্যত স্থবির। সংযুক্ত আরব আমিরশাহিও তাদের উৎপাদন সামঞ্জস্য করছে। মার্কিন প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখলেও জাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেলের এই আকাশছোঁয়া দাম ভারতের মতো আমদানিকারক দেশগুলোর অর্থনীতিতে বড়সড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।