বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে বড় ঘোষণা ওপেকের, খুচরো বাজারে কি সস্তা হবে পেট্রোল ডিজেল?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দামের মাঝেই সাধারণ মানুষের জন্য বড় খবর দিল বিশ্ব তেল সংস্থা ওপেক প্লাস। রাশিয়া ও সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট তেলের উৎপাদন কোটা আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মে মাস থেকে দৈনিক ২,০৬,০০০ ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদনের বিষয়ে সদস্য দেশগুলো একমত হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং তেলের দামে স্থিতিশীলতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে এই স্বস্তির খবরের পাশপাশি বড় ধরনের সতর্কবার্তাও জারি করেছে ওপেক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি পরিকাঠামোর যে ক্ষতি হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত তেল কেন্দ্রগুলো মেরামত করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। এছাড়া হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে অস্থিরতা বজায় থাকলে উৎপাদন বাড়ালেও তা বিশ্ব বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১২.০২ ডলারে পৌঁছেছে এবং ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১০.৫৭ ডলার ছাড়িয়ে গেছে। গত এক মাসেই তেলের দাম ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে আমজনতার। ওপেকের এই অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের খুচরো দাম কমাতে সহায়ক হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সারা বিশ্ব।