বিশ্বযুদ্ধ থামাল চিন! ইরান পিছু হটার আসল রহস্য ফাঁস ও ট্রাম্পের বিশেষ বার্তা

মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ কি অবশেষে কাটতে চলেছে? আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনার মাঝে নাটকীয় মোড় নিল বিশ্ব রাজনীতি। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-এর দাবি অনুযায়ী, শেষ মুহূর্তে চিনের হস্তক্ষেপে বড় ধরনের সংঘাতের হাত থেকে রক্ষা পেল বিশ্ব। পাকিস্তানের মধ্যস্থতার কথা শোনা গেলেও, নেপথ্যে বেজিংয়ের চাপের কারণেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
চিন ইরানকে সতর্ক করে জানিয়েছে যে, মার্কিন হামলার ফলে দেশটির তেল ভাণ্ডার ও পরিকাঠামো ধ্বংস হলে তা কেবল ইরানের নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। পালটা হামলায় আমেরিকা ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দিলে দেশটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটে পড়বে। তবে ইরান যুদ্ধবিরতি মানলে ভবিষ্যতে দেশ গঠনে আর্থিক সহায়তার এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে চিন। এই কৌশলী চাপের মুখেই পিছু হটেছে তেহরান।
চিনের এই অভাবনীয় ভূমিকাকে স্বীকৃতি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। তিনি জানান, চিনের অনুরোধেই এই চুক্তি সম্ভব হয়েছে এবং এজন্য তিনি বেজিংকে ধন্যবাদ জানিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ পুনরায় খুলে দেওয়া হবে। সেখান থেকে সংগৃহীত শুল্কের একাংশ ইরান তার যুদ্ধের ক্ষতিপূরণে ব্যবহার করতে পারবে। তবে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, চুক্তির শর্ত ভঙ্গ করলে ফের সামরিক অভিযান শুরু হবে। বর্তমানে দুই সপ্তাহের এই অস্থায়ী শান্তির দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।