বিষ্ণুপুরে বিডিও ও ওসির পদত্যাগের দাবি সাংসদ সৌমিত্র খাঁর

আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়ার ইন্দাস। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্থানীয় বিডিও এবং ইন্দাস থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। দলীয় পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনায় ক্ষুব্ধ সাংসদ স্পষ্ট জানান, প্রশাসন যদি শাসকদলের ক্যাডার হিসেবে কাজ করা বন্ধ না করলে তাঁদের দ্রুত পদত্যাগ করতে হবে।
সাংসদের অভিযোগ, পুলিশের মদতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির প্রচার সামগ্রী নষ্ট করছে। সরকারি পদে বসে নির্দিষ্ট দলের হয়ে দালালি করা বরদাস্ত করা হবে না বলে তিনি সরব হন। এই পরিস্থিতির পরিবর্তন না হলে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার এবং বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, এলাকায় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সৌমিত্র খাঁর সংঘাত দীর্ঘদিনের।
পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাঁদের মতে, পরাজয় নিশ্চিত বুঝেই সাংসদ এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। বর্তমানে ইন্দাস এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ নজরদারির মধ্যেই এই রাজনৈতিক তরজা প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।