বিস্ফোরক আবহে রাজ্য সফর শেষ করছেন মুখ্য নির্বাচন কমিশনার, আজই ফিরছেন দিল্লি

রাজ্য সফরের শেষ দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের ফুল বেঞ্চ। সকাল থেকেই সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সাথে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা সারবেন তিনি। এরপর নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং দুপুর নাগাদ বিএলও-দের সঙ্গে বিশেষ বৈঠক করার কথা রয়েছে তাঁর। সব কর্মসূচি শেষে আজ বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কমিশনার।
রবিবার রাতে কলকাতায় পা রাখার পর থেকেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। বিমানবন্দর থেকে শুরু করে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির চত্বরেও কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান প্রদর্শিত হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে শাসকদলের কর্মী-সমর্থকরা এই বিক্ষোভ দেখান। এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকেও এসআইআর ইস্যু নিয়ে কমিশনের প্রতিনিধিদের সাথে তীব্র বাদানুবাদে জড়ান চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম।
নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি জেলাশাসক ও কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর কাজেও অসন্তোষ প্রকাশ করেছেন জ্ঞানেশ কুমার। গতকালের বৈঠকে তিনটি কেন্দ্রীয় সংস্থার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তাদের কার্যত ধমক দেন তিনি। একদিকে রাজনৈতিক চাপ এবং অন্যদিকে প্রশাসনিক কড়াকড়ি— সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়েই বিধানসভা নির্বাচনের প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করে আজ রাজ্য ছাড়ছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।