বিস্ফোরক তথ্য দিলেন সিএসকে সিইও আইপিএলে কোন ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে

আইপিএলের আসন্ন মরসুমে মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের আইপিএলে সিএসকে-র হয়ে সব ম্যাচেই মাঠে নামবেন কিংবদন্তি এই ক্রিকেটার। তবে তিনি ঠিক কোন ভূমিকায় খেলবেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
এবারের নিলামের আগে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে ট্রেড করে দলে নিয়েছে চেন্নাই। সঞ্জু দলে আসায় ধোনির উইকেটকিপিং করা নিয়ে প্রশ্ন উঠেছে। সিএসকে সিইও জানিয়েছেন, ধোনি ব্যাটার হিসেবে খেলবেন নাকি উইকেটকিপার-ব্যাটার বা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কোচিং স্টাফ ও ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রশাসনিক স্তরে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না।
সঞ্জু স্যামসনকে দলে নেওয়ায় অনেকেই মনে করছেন ধোনির উত্তরসূরি তৈরি রাখছে চেন্নাই। এই মরসুমের পরেই ধোনি অবসর নেবেন কি না, তা নিয়ে বিশ্বনাথন কোনো মন্তব্য না করলেও ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। এদিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের মধ্যেও চেন্নাইয়ের সব হোম ম্যাচ নিজেদের মাঠেই আয়োজন করার ব্যাপারে আশাবাদী সিএসকে কর্তৃপক্ষ। বিসিসিআই-এর চূড়ান্ত সূচি ঘোষণার অপেক্ষায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।