বিস্ফোরক শমীক! মমতার বহিরাগত তত্ত্ব মেনে নিয়েই দিলেন চ্যালেঞ্জ

আসন্ন বিধানসভা নির্বাচনে ভিনরাজ্য থেকে লোক এনে ভোট করানোর যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, তার পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, অন্য রাজ্য থেকে ট্রেন ভরে মানুষ বাংলায় আসছেন ঠিকই, তবে তাঁরা বহিরাগত নন, বরং রুটিরুজির টানে রাজ্য ছাড়া প্রবাসী বাঙালি। এই পরিযায়ী শ্রমিকরা বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে রাজ্যে ফিরছেন বলে তিনি দাবি করেন।
চন্দ্রকোনার জনসভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিহার, রাজস্থান ও হরিয়ানা থেকে লোক এনে ভুয়ো ভোটার তালিকায় নাম তোলাচ্ছে বিজেপি। প্রায় ৩০ হাজার নতুন ফর্ম জমা দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি একে ‘ভোট লুঠের’ চক্রান্ত বলে অভিহিত করেন। এই ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দপ্তরে ধরনায় বসেন এবং জালিয়াতি রুখতে স্বচ্ছতার দাবি জানান।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে শমীক ভট্টাচার্য বলেন, প্রবাসী বাঙালিরা শুধু ভোট দিতেই নয়, রাজ্যে বিনিয়োগ আনতেও সচেষ্ট হবেন। তৃণমূলের তোলা অভিযোগকে কটাক্ষ করে তিনি জানান, ট্রেনের নম্বর দিয়ে দেওয়া হবে যাতে শাসকদল স্টেশনে গিয়ে তাঁদের স্বাগত জানাতে পারে। ‘মেক ইন ইন্ডিয়া’র আদলে এবার রাজ্যে ‘মেক ইন বেঙ্গল’ দেখা যাবে বলেও তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন।