বিস্ফোরণের শব্দেও থামবে না প্রেম যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে লঞ্চ হলো আজব বম্ব শেল্টার ডেটিং অ্যাপ

ইরান ও ইজরায়েলের মধ্যে চলা তীব্র সংঘাতের আবহে এক অদ্ভুত প্রযুক্তিগত উদ্ভাবন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যুদ্ধের সাইরেন আর ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ইজরায়েল সরকারের পক্ষ থেকে জনস্বার্থে চালু করা হয়েছে ‘বম্ব শেল্টার ডেটিং অ্যাপ’।
ইজরায়েলের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে যে, এই বিশেষ অ্যাপটি মূলত নিরাপদ আশ্রয়ে থাকা ব্যক্তিদের মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অ্যাপটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীরা দ্রুত নিকটবর্তী শেল্টারে থাকা অন্য সিঙ্গল বা নিঃসঙ্গ ব্যক্তিদের খুঁজে পেতে পারেন।
এই উদ্ভাবনের তালিকায় আরও রয়েছে ‘বম্ব শেল্টার ট্র্যাকার’ এবং ‘শাওয়ার রিস্ক প্রেডিক্টর’-এর মতো ফিচার। ট্র্যাকারটি ব্যবহারকারীর ঘুমের পরিমাণ এবং কতবার তাদের শেল্টারে যেতে হচ্ছে তা পর্যবেক্ষণ করবে। অন্যদিকে, প্রেডিক্টরটি ক্ষেপণাস্ত্র হামলার ধরন বিশ্লেষণ করে ব্যবহারকারীকে নিরাপদে স্নান করার সময় নির্ধারণে সাহায্য করবে।
তবে এই উদ্ভাবন নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইজরায়েল একে প্রতিকূল পরিস্থিতিতে সৃজনশীলতা হিসেবে দাবি করলেও নেটিজেনদের একাংশ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। অনেকেই একে ‘অসুস্থ মানসিকতা’ বলে কটাক্ষ করেছেন এবং যুদ্ধের ভয়াবহতার মধ্যে এ ধরনের বিনোদনমূলক অ্যাপের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।