বিস্ময়কর ইস্তফার পর এবার সৌজন্যের নজির, প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিস্ময়কর ইস্তফার পর এবার সৌজন্যের নজির, প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনীতির ময়দানে তিক্ততা থাকলেও সৌজন্যের পাঠ দিতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের পর তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে নিজেই এই সৌজন্য সাক্ষাতের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

গত ৫ মার্চ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। খোদ মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সামাজিক মাধ্যমে উদ্বেগ জানিয়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো চাপের মুখে পড়েই হয়তো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন প্রাক্তন রাজ্যপাল। যদিও নিজের পদত্যাগ নিয়ে এখনও মুখ খোলেননি আনন্দ বোস।

বর্তমানে নিজের ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিতে কলকাতায় এসেছেন সি ভি আনন্দ বোস। তবে তিনি রাজভবনে না উঠে অন্যত্র অবস্থান করছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কারো দুঃসময়ে অতীতের তিক্ততা মনে রাখা উচিত নয়। একসময় রাজ্য সরকারের সঙ্গে আনন্দ বোসের সংঘাত চরমে পৌঁছালেও, বর্তমানে তাঁর প্রতি হওয়া ‘অবিচার’ এবং সৌজন্যের খাতিরেই এই সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার তাঁদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *