বীরভূমে এলপিজি সংকটের সুযোগে সক্রিয় সাইবার প্রতারণা চক্র, সতর্কবার্তা পুলিশের

বীরভূমে এলপিজি সংকটের সুযোগে সক্রিয় সাইবার প্রতারণা চক্র, সতর্কবার্তা পুলিশের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে এলপিজি গ্যাসের সম্ভাব্য সংকট নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে কাজে লাগিয়ে বীরভূম জেলাজুড়ে জাল বিছিয়েছে একটি নতুন সাইবার প্রতারণা চক্র। স্থানীয় গ্যাস ডিলারের পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন বা মেসেজ পাঠিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে। আতঙ্কিত গ্রাহকরা এই ফাঁদে পা দিয়ে ওটিপি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করতেই নিমেষে খালি হয়ে যাচ্ছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সিউড়ি থানা এলাকার তিন মহিলা সম্প্রতি এই প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তে জানা গেছে, প্রতারকরা ফোনে ব্যাঙ্ক ডিটেইলস হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ক্ষতিকর অ্যাপ ডাউনলোড করিয়ে গ্রাহকদের ফোন হ্যাক করছে। ওটিপি শেয়ার করার পর মুহূর্তেই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে টাকা গায়েব করে দিচ্ছে এই চক্রটি।

পরিস্থিতি মোকাবিলায় বীরভূম সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। পুলিশি সতর্কবার্তায় স্পষ্ট জানানো হয়েছে, গ্যাস সংক্রান্ত কোনো কাজের জন্য ফোনে ওটিপি বা ব্যাঙ্কিং তথ্য চাওয়া হয় না। অপরিচিত লিঙ্ক বা অ্যাপ থেকে দূরে থাকার পাশাপাশি কোনো আর্থিক লেনদেনের তথ্য শেয়ার না করতে অনুরোধ জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *