বীরভূমে কাজল শেখের বিপুল সম্পত্তির হদিস, কোটি টাকার স্থাবর সম্পত্তির খতিয়ানে চমক

বীরভূমে কাজল শেখের বিপুল সম্পত্তির হদিস, কোটি টাকার স্থাবর সম্পত্তির খতিয়ানে চমক

তৃণমূলের দাপুটে নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবার বিধানসভা নির্বাচনের ময়দানে। হাসন কেন্দ্রের প্রার্থী হিসেবে জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামায় উঠে এসেছে স্থাবর ও অস্থাবর সম্পত্তির এক চমকপ্রদ খতিয়ান। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে জেলার সংগঠন সামলানো এই নেতার বার্ষিক আয় এবং ব্যাংক ব্যালেন্স নিয়ে রাজনৈতিক মহলে এখন জোর চর্চা শুরু হয়েছে। হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে কাজলের বার্ষিক আয় ছিল ৮ লক্ষ ৩১ হাজার ২৯৪ টাকা এবং তাঁর স্ত্রী নাহিদা খাতুনের আয় ছিল ৭ লক্ষ ৫৯ হাজার ৩৬৩ টাকা।

হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, কাজল শেখের হাতে নগদ ১ লক্ষ ১৭ হাজার ২৫৬ টাকা থাকলেও ব্যাংক আমানতের পরিমাণ বেশ লক্ষ্যণীয়। শান্তিনিকেতন ও নানুরের দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তাঁর জমা অর্থের পরিমাণ প্রায় ৫৩ লক্ষ টাকা। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪ লক্ষ ১১ হাজার ৯০০ টাকার কিছু বেশি। অন্যদিকে, তাঁর স্ত্রীর নামে থাকা ব্যাংক আমানত ও গয়না মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৭ লক্ষ ৯০ হাজার ২২৮ টাকা।

তবে কাজল শেখের স্থাবর সম্পত্তির তালিকা আরও দীর্ঘ। হলফনামা অনুযায়ী, তাঁর নিজের নামেই রয়েছে ১ কোটি ৫৩ লক্ষ ৮৫ হাজার ৬৭০ টাকার স্থাবর সম্পত্তি, যার মধ্যে রয়েছে একাধিক কৃষিজমি, পুকুর এবং বাড়ি। তাঁর স্ত্রীর নামেও প্রায় ৯৩ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া নাহিদা খাতুনের সংগ্রহে রয়েছে প্রায় ১৩ লক্ষ টাকার সোনার গয়না। উল্লেখ্য, এলাকায় প্রভাবশালী ও বাহুবলী নেতা হিসেবে পরিচিত কাজল শেখের বিরুদ্ধে বর্তমানে মোট ৬টি মামলা চলছে। খয়রাশোল ও নানুর সংলগ্ন এলাকায় তাঁর এই সম্পত্তির বিবরণ বর্তমানে বীরভূমের রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *