বৃষ্টির বাধা উপেক্ষা করে পাথরপ্রতিমায় অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের জনসভাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় সাজ সাজ রব। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাথরপ্রতিমা কলেজ মাঠ জলমগ্ন হয়ে পড়ায় সভার প্রস্তুতিতে সাময়িক বিঘ্ন ঘটেছিল। তবে প্রতিকূল আবহাওয়াকে জয় করতে সোমবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় মাঠ সংস্কারের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ঘাসফুল শিবিরের কর্মীরা।
মাঠের জমা জল সরাতে একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প ব্যবহার করা হচ্ছে। কর্দমাক্ত জমি শুকানোর জন্য কয়েক ট্রাক বালি ঢেলে সভাস্থলকে সভার উপযোগী করে তোলার চেষ্টা চলছে। স্থানীয় নেতৃত্বের দাবি, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও সমর্থকদের উৎসাহে কোনো খামতি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সোমবার সকালেই হেলিকপ্টারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।
রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ২৪ মার্চের সভায় সুন্দরবন অঞ্চলের ভোটারদের উদ্দেশ্যে অভিষেক কী বার্তা দেন, এখন সেটাই দেখার। উল্লেখ্য, পাথরপ্রতিমা কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখান থেকে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘ভূমিপুত্র’ সমীর কুমার জানা। নির্বাচনী বৈতরণী পার হতে এই জনসভা থেকে দলীয় রণকৌশল নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।