বেনিয়াপুকুরে আবাসন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, রাতে থাকতেন তালাবন্দি অবস্থায়

কলকাতার এজেসি বোস রোড সংলগ্ন বেনিয়াপুকুরের একটি আবাসনের পাঁচ তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল ৮৫ বছর বয়সী বৃদ্ধ গ্যাব্রিয়েল জোনাস গোমসের। বুধবার সকালে রক্তাক্ত অবস্থায় আবাসনের নিচে তাঁকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বৃদ্ধ ফ্ল্যাটে একাই থাকতেন এবং দিনের বেলা এক পরিচারিকা তাঁর দেখাশোনা করতেন। তবে রাতে পরিচারিকা চলে যাওয়ার সময় ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ করে দিয়ে যেতেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সকাল ৬টা ৫ মিনিট নাগাদ তিনি ব্যালকনি থেকে নিচে পড়ে যান। সেই সময় ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল।
পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এবং এখন পর্যন্ত এই ঘটনায় অস্বাভাবিক কিছু মেলেনি বলে তদন্তকারীরা জানিয়েছেন। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।