বেন ডাকেটদের আইপিএল বিমুখতায় কড়া শাস্তির দাবি সুনীল গাভাসকরের

আইপিএল থেকে বিদেশি ক্রিকেটারদের হঠাত সরে দাঁড়ানোর প্রবণতা রুখতে বিসিসিআই-কে আরও কঠোর হওয়ার পরামর্শ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে দল পাওয়ার পরও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমান নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর সরে দাঁড়ালে দুই বছরের নির্বাসনের বিধান থাকলেও গাভাসকরের মতে, এই শাস্তি যথেষ্ট নয়।
গাভাসকর ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, অনেক বিদেশি ক্রিকেটার আইপিএলকে ‘স্বেচ্ছাচারিতা’র জায়গা বানিয়ে ফেলেছেন। বিশেষ করে বেন ডাকেট দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ভালো দর পাওয়ার পরই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর দাবি। হ্যারি ব্রুকের মতো তারকারাও অতীতে একই পথে হেঁটেছেন। সানির মতে, ক্রিকেটাররা যদি আর্থিক বা পেশাদারীভাবে বড় কোনো ক্ষতির সম্মুখীন না হন, তবে এই নির্বাসনের কোনো গুরুত্ব থাকবে না।
ভারতীয় বোর্ডকে স্পষ্ট বার্তা দিয়ে গাভাসকর বলেন, এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যা ক্রিকেটারদের আচরণে পরিবর্তন আনতে বাধ্য করে। অনেক অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ডের পেসারও আইপিএলের মাঝপথে বিশ্রামের অজুহাতে সরে যাওয়ার পরিকল্পনা করছেন, যা টুর্নামেন্টের পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করছে। তাই বিদেশি ক্রিকেটারদের এই মর্জিমতো আচরণ বন্ধ করতে বিসিসিআই-কে শাস্তির মাত্রা আরও বাড়ানোর আর্জি জানিয়েছেন এই প্রাক্তন অধিনায়ক।