বেলডাঙাকাণ্ড: এনআইএ হেফাজতে ৭ অভিযুক্ত, কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ আদালতের

দীর্ঘ টানাপড়েনের পর বেলডাঙাকাণ্ডের কেস ডায়েরি এনআইএ-র কাছে হস্তান্তরের নির্দেশ দিল আদালত। রাজ্য পুলিশ নথিপত্র হস্তান্তর করতে সম্মত হয়েছে। পাশাপাশি, অশান্তির ঘটনায় ধৃত সাত অভিযুক্তকে সাত দিনের এনআইএ হেফাজত মঞ্জুর করেছে আদালত। বাকি অভিযুক্তদের আগামী ১৩ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর ঘটনায় বেলডাঙায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেহ পৌঁছোতেই জনতা সড়ক অবরোধ ও ট্রেন চলাচল ব্যাহত করে বিক্ষোভ দেখান। বাঙালি শ্রমিককে হত্যার অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল।
পুলিশের দাবি, দ্বিতীয় দিনে পরিকল্পিত ভাবে অশান্তি ছড়ানো হয়। হাই কোর্টের নির্দেশের পর স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে ন্যস্ত করে। অভিযুক্তদের নিরাপত্তা নিয়ে জেল কর্তৃপক্ষের টানাপড়েন থাকলেও, এনআইএ তদন্তের দায়িত্ব নেওয়ায় মামলায় গতি এল।