বেলডাঙাকাণ্ড: ৩১ জন আদালতে পেশ, কেস ডায়েরি নিয়ে এনআইএ-রাজ্য সঙ্ঘাত

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃত ৩১ জনকে বৃহস্পতিবার বিচার ভবনে পেশ করা হয়েছে। এদের মধ্যে সাতজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তবে রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্তের কেস ডায়েরি হস্তান্তর না করায় কেন্দ্রীয় সংস্থাটি পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছে। কেন নথি দেওয়া হচ্ছে না, তা নিয়ে আদালতও চরম অসন্তোষ প্রকাশ করেছে।
অন্য দিকে, এই ঘটনার তদন্ত এনআইএ করতে পারে কি না, তা নিয়ে আইনি প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনজীবী। অভিযুক্তদের পক্ষের আইনজীবীও তদন্তের স্বচ্ছতা এবং দীর্ঘসূত্রতা নিয়ে সওয়াল করেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি বেলডাঙায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল।
কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে কেন্দ্র চাইলে এনআইএ এই ঘটনার তদন্ত করতে পারে। রাজ্য সরকার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালত এনআইএ তদন্তে হস্তক্ষেপ করেনি। বর্তমানে কেস ডায়েরি হস্তান্তর ও তদন্তের এক্তিয়ার নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে আইনি লড়াই জারি রয়েছে।