বেলা শেষ খেলা শেষ! মমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তুখোড় হুঙ্কার শমিকের
বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের একের পর এক বিস্ফোরক মন্তব্যে তপ্ত বাংলার রাজনীতি। শনিবার এক সংবাদ সম্মেলনে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে শমিক দাবি করেন যে রাজ্যের মানুষ এবার পরিবর্তন চাইছেই। বিশেষ করে আর জি কর থেকে বগটুইয়ের মতো ঘটনার উল্লেখ করে তিনি স্পষ্ট জানান যে শাসকদলের সময় ফুরিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে তিনি বলেন যে দীর্ঘ লড়াই করা নেত্রী নিজেও বুঝতে পারছেন যে তার শাসনের বেলা এবার শেষ হতে চলেছে।
শমিকের কথায় উঠে আসে নির্বাচন কমিশনের ভূমিকা থেকে শুরু করে রাম নবমীর মিছিলে অশান্তির প্রসঙ্গও। তিনি বিদ্রুপ করে বলেন যে বাংলায় যেভাবে কেন্দ্রীয় জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে তা রাজ্যের জন্য অত্যন্ত লজ্জাজনক। অমিত শাহের প্রকাশ করা ৩৫ পাতার চার্জশিটের রেশ টেনেই শমিক দাবি করেন যে বাংলায় এখন আসল লড়াই হচ্ছে ‘জনতা বনাম মমতা’। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আক্রমণের জবাবে বিজেপি নেতার সাফ কথা যে দিল্লির স্বপ্ন দেখিয়ে লাভ নেই কারণ বাংলার মানুষ এবার বিজেপি সরকার গড়তে মনস্থির করে ফেলেছে।