বোর্ডের ছাড়পত্র পেতে দেরি, নাইট শিবিরে পাথিরানার যোগ দেওয়া নিয়ে বাড়ছে ধোঁয়াশা

আইপিএলের দামামা বেজে উঠলেও কেকেআর শিবিরে এখনও যোগ দিতে পারেননি লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনড় মনোভাবের কারণে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৮ কোটি টাকায় দলে নেওয়া এই ‘জুনিয়র মালিঙ্গা’কে ছাড়া অজিঙ্ক রাহানের দল অনুশীলনে নেমে পড়ায় কপালে চিন্তার ভাঁজ নাইট ম্যানেজমেন্টের।
শ্রীলঙ্কা বোর্ড পাথিরানার ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ হওয়ায় বারবার তাঁর বিমানের টিকিট বাতিল করতে হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ার পর দীর্ঘ বিরতি শেষে তিনি মাঠে ফেরার অপেক্ষায় থাকলেও বোর্ডের সবুজ সংকেত এখনও মেলেনি। কেকেআর কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখলেও লঙ্কান পেসারের ভারতে আসার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
৩২টি আইপিএল ম্যাচে ৪৭টি উইকেট নেওয়া এই পেসারের অভিজ্ঞতা নাইটদের বোলিং বিভাগকে শক্তিশালী করবে বলে মনে করছে ক্রিকেটমহল। ইতিমধ্যে পাথিরানার ম্যানেজারের সোশ্যাল মিডিয়া পোস্ট সমর্থকদের মনে আশার আলো দেখালেও সরকারিভাবে ধোঁয়াশা কাটেনি। ডিবোর্ডের কঠোর অবস্থানের মাঝে ডেথ ওভার বিশেষজ্ঞ এই বোলারকে কবে মাঠে দেখা যাবে, সেদিকেই তাকিয়ে কলকাতা নাইট রাইডার্স।