ব্রিগেডের মঞ্চে দিলীপের কাছে বিয়ের মিষ্টি চাইলেন মোদি

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেডের জনসভায় এক হালকা মুহূর্তের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ের প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা শেষে সৌজন্য বিনিময়ের সময় দিলীপ ঘোষের হাত ধরে হাসিমুখে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিয়ে করলেও তিনি এখনও মিষ্টি খাওয়াননি।
উল্লেখ্য, গত বছর ১৮ এপ্রিল দীর্ঘদিনের দলীয় সহকর্মী রিঙ্কুর সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিলীপ ঘোষ। নিউটাউনের বাসভবনে আয়োজিত সেই অনাড়ম্বর বিয়ের আসরে ঘনিষ্ঠ কিছু মানুষ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন দলের অনেক শীর্ষ নেতা। ‘রাফ অ্যান্ড টাফ’ ভাবমূর্তির এই নেতার বিয়ের খবর সে সময় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল।
প্রধানমন্ত্রীর আবদার শুনে লাজুক হেসে সম্মতি জানান দিলীপ ঘোষ। তিনি পাল্টা প্রতিশ্রুতি দেন যে, বর্তমানে নির্বাচনের ব্যস্ততা মিটে গেলেই তিনি প্রধানমন্ত্রীসহ সকলকে মিষ্টিমুখ করাবেন। ব্রিগেডের মঞ্চে নেতাদের এই রসিকতা এবং ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ উপস্থিত কর্মীদের মধ্যে বেশ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে।