ব্রিগেড থেকেই কি প্রার্থী তালিকা? মোদীর সভার আগে জল্পনা তুঙ্গে

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনৈতিক পারদ চড়ছে। আগামী শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সমাবেশকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে জল্পনা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই ঐতিহাসিক মঞ্চ থেকেই কি বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে? যদিও দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে তৎপরতা শুরু করেছে বঙ্গ বিজেপি। বুধবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজ বৃহস্পতিবারও কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ধারাবাহিক এই আলোচনার মূল লক্ষ্য হলো প্রতিটি আসনের জন্য যোগ্য ও প্রভাবশালী নাম বাছাই করা।
এবারের নির্বাচনে বিজেপি তরুণ প্রজন্ম এবং মহিলা প্রার্থীদের অধিক গুরুত্ব দিতে পারে বলে বিশেষ ইঙ্গিত মিলেছে। স্বচ্ছ ভাবমূর্তি ও নতুন মুখ তুলে ধরাই এখন দলের অগ্রাধিকার। একইসঙ্গে দলবদলু নেতাদের প্রার্থী হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশকে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে বাংলার নির্বাচনী রাজনীতির গতিপ্রকৃতি।