ভবানীপুরের হাইভোল্টেজ লড়াইয়ে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের গড় ভবানীপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই হাইভোল্টেজ লড়াইয়ের ফলাফল এবং জয়ের ব্যবধান নিয়ে রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। মঙ্গলবার এক প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে তিনি এবার অনেক বড় ব্যবধানে জয়লাভ করবেন।
উল্লেখ্য যে ২০২১ সালের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮,৮৩২ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন তিনি। এবার হেভিওয়েট প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জয়ের ধারা বজায় রাখতে ঘাসফুল শিবির ইতিমধ্যেই তাদের রণকৌশল সাজাতে শুরু করেছে।