ভবানীপুরে দেওয়াল লিখন শুরু শুভেন্দুকে ‘সার্কাস’ ও ‘নপুংসক’ বলে কটাক্ষ তৃণমূলের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর হটস্পট ভবানীপুর কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরেই পুরোদমে শুরু হয়েছে দেওয়াল লিখন। নিজের গড়ে জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী মমতা জানিয়েছেন, বিজেপি কেবল নির্বাচনের সময় আসে এবং অর্থ খরচ করে, কিন্তু সাধারণ মানুষ তাদের যোগ্য জবাব দেবে। ১০০টিরও বেশি উন্নয়নমূলক প্রকল্পের নিরিখে তৃণমূল আবারও জয়ের বিষয়ে নিশ্চিত।
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। তৃণমূলের দাবি, পরাজয়ের ভয়েই শুভেন্দু ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ দেওয়াল লিখনের সময় ঘাসফুল শিবিরের কর্মীরা শুভেন্দুকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁকে ‘নপুংসক’ এবং ‘সার্কাস দেখাতে আসা বহিরাগত’ বলে কটাক্ষ করা হয়। তবে এই কেন্দ্র বা প্রচার ময়দানে এখনও বিজেপি কর্মীদের সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি।
একুশের নির্বাচনে নন্দীগ্রামে বিতর্কিত গণনার পর এবার পরিস্থিতি ভিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো কেন্দ্র ভবানীপুরেই আস্থা রেখেছেন, অন্যদিকে শুভেন্দুর একদা ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে পাল্টা চাল দিয়েছে তৃণমূল। কাঁটা দিয়ে কাঁটা তোলার এই কৌশলে শুভেন্দু বেশ চাপে পড়বেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে ভবানীপুরের অলিতে-গলিতে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।